EduSine
  • ফলাফল ও মার্কশিট
  • ফ্রি ওয়েবসাইট
  • ফি ও রসিদ
  • ভর্তি
  • উপস্থিতি
  • পরীক্ষা ও প্রবেশপত্র
  • বেতন ও পে-স্লিপ
  • এসএমএস ও ইমেইল
  • হিফজ ট্র্যাকার
  • হোস্টেল
  • পরিবহন
সব ফিচার →মোবাইলে EduSine →
  • স্কুল
  • আলিয়া মাদ্রাসা
  • কওমি মাদ্রাসা
  • হিফজ মাদ্রাসা
  • কলেজ
  • কিন্ডারগার্টেন
  • কোচিং সেন্টার
  • ইংলিশ মিডিয়াম স্কুল
EduSine কাদের জন্য →
ডিজাইনমূল্য
  • ব্লগ
  • ফ্রি টুলস
  • সহায়তা
  • ডেটা ও নিরাপত্তা
  • EduSine সম্পর্কে
  • যোগাযোগ
WhatsApp
ফ্রি ওয়েবসাইট তৈরি করুন
ফিচারফলাফল ও মার্কশিটফ্রি ওয়েবসাইটফি ও রসিদভর্তিউপস্থিতিপরীক্ষা ও প্রবেশপত্রবেতন ও পে-স্লিপএসএমএস ও ইমেইলহিফজ ট্র্যাকারহোস্টেলপরিবহনসব ফিচারমোবাইলে EduSine
কাদের জন্যস্কুলআলিয়া মাদ্রাসাকওমি মাদ্রাসাহিফজ মাদ্রাসাকলেজকিন্ডারগার্টেনকোচিং সেন্টারইংলিশ মিডিয়াম স্কুলEduSine কাদের জন্য
ডিজাইনমূল্য
রিসোর্সব্লগফ্রি টুলসসহায়তাডেটা ও নিরাপত্তাEduSine সম্পর্কেযোগাযোগ
WhatsApp এ মেসেজ দিনফ্রি ওয়েবসাইট তৈরি করুন

আইনি তথ্য

সেবার শর্তাবলি

কার্যকর হওয়ার তারিখ
২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট
২৫ নভেম্বর ২০২৬

এই সেবার শর্তাবলি আপনার প্রতিষ্ঠান এবং EduSine এর মধ্যে একটি চুক্তি। স্কুল, মাদ্রাসা, কলেজ, কোচিং সেন্টার ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, এবং তাদের পক্ষে যাঁরা EduSine ব্যবহার করেন, সবার জন্য EduSine ব্যবহারের নিয়ম এখানে বলা আছে। দয়া করে মনোযোগ দিয়ে পড়ুন।

সংক্ষেপে

  • EduSine আপনার প্রতিষ্ঠানকে একটি ওয়েবসাইট এবং প্রতিষ্ঠান পরিচালনার সফটওয়্যার দেয়। প্রতিষ্ঠানের তথ্যের মালিক আপনার প্রতিষ্ঠান নিজেই। আমরা শুধু সেবা দেওয়ার জন্য এই তথ্য হোস্ট ও প্রক্রিয়াকরণ করি।
  • ফ্রি প্ল্যানের কোনো সময়সীমা নেই। পেইড প্ল্যানের টাকা নেওয়া হয় বিলের মাধ্যমে। আমরা কখনো নিজে থেকে কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেট থেকে টাকা কেটে নিই না।
  • কোনো পেমেন্ট ফেরতযোগ্য নয়। যেকোনো সময় সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন, আর যে মেয়াদের টাকা দিয়েছেন তার শেষ পর্যন্ত পেইড সুবিধাগুলো চালু থাকবে। বিস্তারিত জানতে রিফান্ড ও বাতিলের নীতি দেখুন।
  • শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের তথ্য EduSine এ রাখার অধিকার আপনার প্রতিষ্ঠানের থাকতে হবে। EduPilot এর এআই যা তৈরি করে দেয়, তা ব্যবহারের আগে প্রতিষ্ঠানকে যাচাই করে নিতে হবে।
  • স্প্যাম, বেআইনি কন্টেন্ট বা অন্য প্রতিষ্ঠানের তথ্যে ঢোকার চেষ্টার কাজে EduSine ব্যবহার করা যাবে না।
  • বাংলাদেশের আইন প্রযোজ্য হবে, আর কোনো বিরোধ হলে তা নিষ্পত্তি করবে ঢাকার আদালত।

এই সারাংশ শুধু বোঝার সুবিধার জন্য। নিচের পুরো লেখাটিই প্রযোজ্য।

সূচিপত্র

  1. ১.সংজ্ঞা
  2. ২.শর্তাবলি গ্রহণ
  3. ৩.যোগ্যতা ও সাইন আপের অধিকার
  4. ৪.অ্যাকাউন্ট ও নিরাপত্তা
  5. ৫.প্ল্যান, মূল্য ও বিল
  6. ৬.ফ্রি প্ল্যান
  7. ৭.মেসেজ ব্যালেন্স, এআই ক্রেডিট ও অ্যাড-অন
  8. ৮.গ্রহণযোগ্য ব্যবহার
  9. ৯.আপনার কন্টেন্ট ও তথ্য
  10. ১০.শিক্ষার্থীর তথ্য ও প্রতিষ্ঠানের দায়িত্ব
  11. ১১.আপনার ওয়েবসাইট, ডোমেইন ও eds.bd এড্রেস
  12. ১২.অন্য কোম্পানির সেবা ও ইন্টিগ্রেশন
  13. ১৩.EduPilot ও অন্যান্য এআই সুবিধা
  14. ১৪.এসএমএস ও ইমেইল পাঠানোর নিয়ম
  15. ১৫.সেবা চালু থাকা ও সাপোর্ট
  16. ১৬.সাপোর্ট দিতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ
  17. ১৭.অ্যাকাউন্ট স্থগিত ও বন্ধ করা
  18. ১৮.অ্যাকাউন্ট বন্ধের পর আপনার তথ্য
  19. ১৯.মেধাস্বত্ব
  20. ২০.মতামত
  21. ২১.দায়মুক্তি
  22. ২২.দায়ের সীমা
  23. ২৩.ক্ষতিপূরণ
  24. ২৪.শর্তাবলির পরিবর্তন
  25. ২৫.নোটিশ
  26. ২৬.প্রযোজ্য আইন ও বিরোধ নিষ্পত্তি
  27. ২৭.সাধারণ শর্ত
  28. ২৮.যোগাযোগ

১.সংজ্ঞা

  1. এই শর্তাবলিতে নিচের শব্দগুলো এই অর্থে ব্যবহার করা হয়েছে:

    1. (ক)“EduSine”, “আমরা”, “আমাদের” বলতে বোঝাবে সেবাদাতা EduSine, যা বনানী, ঢাকা, বাংলাদেশ থেকে পরিচালিত।
    2. (খ)“সেবা” বলতে বোঝাবে EduSine সফটওয়্যার এবং এর সঙ্গে আমরা যা যা দিই: প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অ্যাডমিন প্যানেল, শিক্ষার্থী ও অভিভাবক পোর্টাল, ইনস্টল করে নেওয়া যায় এমন অ্যাপ ও প্লে স্টোরের অ্যাপ, EduPilot, মেসেজ পাঠানো, ডোমেইন এবং সাপোর্ট। এগুলো edusine.com, কোনো eds.bd এড্রেস, নিজস্ব ডোমেইন বা আমাদের ব্যবহার করা অন্য যেকোনো এড্রেস, যেখান থেকেই দেওয়া হোক না কেন, সবই সেবার অংশ।
    3. (গ)“প্রতিষ্ঠান”, “আপনি”, “আপনার” বলতে বোঝাবে সেই স্কুল, মাদ্রাসা, কলেজ, কোচিং সেন্টার বা অন্য শিক্ষাপ্রতিষ্ঠান, যার জন্য অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং যার পক্ষে অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়।
    4. (ঘ)“অ্যাকাউন্ট” বলতে বোঝাবে সেবায় আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট। এর ওয়েবসাইট, সেটিংস এবং সব ব্যবহারকারীও এর মধ্যে পড়ে।
    5. (ঙ)“অ্যাডমিন” বলতে বোঝাবে যিনি প্রতিষ্ঠানের পক্ষে সাইন আপ করেছেন তাঁকে, এবং প্রতিষ্ঠান যাঁদের অ্যাকাউন্ট, এর ব্যবহারকারী, সেটিংস বা বিলিং পরিচালনার অনুমতি দিয়েছে তাঁদের প্রত্যেককে।
    6. (চ)“ব্যবহারকারী” বলতে বোঝাবে অ্যাকাউন্টে যিনিই সাইন ইন করেন, যেমন সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির সদস্য।
    7. (ছ)“প্রতিষ্ঠানের তথ্য” বলতে বোঝাবে আপনি বা আপনার ব্যবহারকারীরা সেবায় যত তথ্য, ফাইল ও কন্টেন্ট রাখেন, এবং সেগুলো থেকে সেবা যা কিছু তৈরি করে, তার সবকিছু। শিক্ষার্থীর তথ্য ও ওয়েবসাইটের কন্টেন্টও এর মধ্যে পড়ে।
    8. (জ)“শিক্ষার্থীর তথ্য” বলতে বোঝাবে শিক্ষার্থী, ভর্তির আবেদনকারী এবং তাদের মা-বাবা বা অভিভাবকের ব্যক্তিগত তথ্য।
    9. (ঝ)“প্ল্যান” বলতে বোঝাবে ফ্রি, স্ট্যান্ডার্ড বা কাস্টম প্ল্যান, অথবা আমাদের দেওয়া অন্য যেকোনো প্ল্যান। প্রতিটি প্ল্যানের সুবিধা ও সীমা মূল্য পেজে এবং অ্যাকাউন্টের প্ল্যান ও বিল পেজে দেখানো থাকে।
    10. (ঞ)“পেইড সেবা” বলতে বোঝাবে পেইড প্ল্যান, অ্যাড-অন, মেসেজ ব্যালেন্স, এআই ক্রেডিট, ডোমেইন, সেটআপ বা কাস্টম কাজ, এবং আর যা কিছুর জন্য আমরা টাকা নিই।
    11. (ট)“মেসেজ ব্যালেন্স” বলতে বোঝাবে অ্যাকাউন্টে আগে থেকে রিচার্জ করে রাখা টাকার ব্যালেন্স। এ থেকে এসএমএসের খরচ এবং প্ল্যানের মাসিক কোটার বাইরের ইমেইলের খরচ দেওয়া হয়।
    12. (ঠ)“EduPilot” বলতে বোঝাবে সেবার ভেতরে থাকা এআই সহকারী, এবং সেবার অন্যান্য এআই সুবিধা, যেমন সাইন আপের সময় আর হেল্প সাইটে এআইয়ের সাহায্য।
    13. (ড)“নীতিমালা” বলতে বোঝাবে আমাদের গোপনীয়তা নীতি এবং রিফান্ড ও বাতিলের নীতি। এগুলো এই শর্তাবলির অংশ।

২.শর্তাবলি গ্রহণ

  1. ২.১

    অ্যাকাউন্ট খুললে, সাইন আপের সময় সম্মতির ঘরে টিক দিলে, অথবা সেবা ব্যবহার করলে ধরে নেওয়া হবে যে আপনি এই শর্তাবলি ও নীতিমালায় সম্মত। সম্মত না হলে সেবা ব্যবহার করবেন না।

  2. ২.২

    কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই শর্তাবলি গ্রহণ করলে আপনি নিশ্চিত করছেন যে, এই শর্তাবলি প্রতিষ্ঠানের ওপর বাধ্যতামূলক করার অধিকার আপনার আছে। সে ক্ষেত্রে “আপনি” বলতে প্রতিষ্ঠানকে বোঝাবে।

  3. ২.৩

    অ্যাকাউন্ট খোলার সময় আমরা লিখে রাখি শর্তাবলির কোন ভার্সন গ্রহণ করা হয়েছে, কোন তারিখে ও কোন সময়ে, এবং কে গ্রহণ করেছেন।

  4. ২.৪

    এই শর্তাবলি বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রকাশ করা হয়েছে, এবং দুই ভার্সনে একই কথা বলাই উদ্দেশ্য। দুই ভার্সনের অর্থে কোনো পার্থক্য দেখা দিলে ইংরেজি ভার্সন প্রযোজ্য হবে।

৩.যোগ্যতা ও সাইন আপের অধিকার

  1. ৩.১

    সেবাটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং তাদের অনুমোদিত ব্যক্তিদের জন্য। কোনো ব্যক্তিকে তাঁর নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি দেওয়া হয় না।

  2. ৩.২

    যিনি সাইন আপ করবেন, তাঁর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তাঁকে হতে হবে প্রতিষ্ঠানের প্রধান, মালিক বা স্বত্বাধিকারী, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সদস্য, অথবা এঁদের কারও অনুমোদিত কোনো ব্যক্তি।

  3. ৩.৩

    প্রতিষ্ঠানের সঠিক ও সম্পূর্ণ তথ্য দিতে হবে, যেমন নাম, ধরন, ঠিকানা, EIIN বা রেজিস্ট্রেশন নম্বর (থাকলে), এবং যোগাযোগের জন্য একজন ব্যক্তির নাম, মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস। এসব তথ্য সব সময় আপডেট রাখতে হবে।

  4. ৩.৪

    অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের অধিকার কার, তা নিয়ে বিরোধ হলে আমরা অধিকারের প্রমাণ চাইতে পারি, এবং বিরোধ না মেটা পর্যন্ত অ্যাকাউন্টের ব্যবহার সীমিত রাখতে পারি। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান বা গভর্নিং বডির লিখিত নির্দেশের ওপর আমরা নির্ভর করতে পারি।

  5. ৩.৫

    শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রতিষ্ঠানের দেওয়া অ্যাকাউন্ট দিয়ে পোর্টাল ব্যবহার করেন। কে অ্যাক্সেস পাবেন, তা প্রতিষ্ঠান ঠিক করে, এবং সেই অ্যাক্সেসের দায়িত্বও প্রতিষ্ঠানের।

৪.অ্যাকাউন্ট ও নিরাপত্তা

  1. ৪.১

    প্রত্যেক ব্যবহারকারীকে নিজের অ্যাকাউন্ট দিয়েই সাইন ইন করতে হবে। সাইন ইনের তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

  2. ৪.২

    রোল ও অনুমতি দিয়ে অ্যাডমিন ঠিক করেন, কোন ব্যবহারকারী কী দেখতে ও করতে পারবেন। প্রত্যেককে শুধু ততটুকু অ্যাক্সেস দিন, যতটুকু তাঁর দরকার। কেউ প্রতিষ্ঠান ছেড়ে গেলে দেরি না করে তাঁর অ্যাক্সেস বন্ধ করে দিন।

  3. ৪.৩

    পাসওয়ার্ড ও সাইন ইন কোড গোপন রাখুন। EduSine কখনো আপনার পাসওয়ার্ড চাইবে না।

  4. ৪.৪

    অনুমতি ছাড়া কেউ অ্যাকাউন্ট ব্যবহার করেছেন বলে সন্দেহ হলে দেরি না করে hello@edusine.com এ আমাদের জানান।

  5. ৪.৫

    আপনার ব্যবহারকারীরা অ্যাকাউন্টে যা কিছু করেন, তার দায়িত্ব আপনার। তবে আমাদের নিজেদের দিক থেকে এই শর্তাবলি ভঙ্গের কারণে কিছু ঘটলে, তার দায়িত্ব আপনার নয়।

  6. ৪.৬

    অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আমরা পাসওয়ার্ড বদলানো বা সাইন ইন কোডের মতো নিরাপত্তার ধাপ চাইতে পারি। কোনো সেশন অনিরাপদ মনে হলে সেটি থেকে সাইন আউটও করে দিতে পারি।

৫.প্ল্যান, মূল্য ও বিল

  1. ৫.১

    আমাদের প্ল্যান ও মূল্য মূল্য পেজে এবং অ্যাকাউন্টের প্ল্যান ও বিল পেজে দেখানো থাকে। এই শর্তাবলির তারিখে প্ল্যানগুলো হলো: ফ্রি, ৳ ০, কোনো সময়সীমা নেই; স্ট্যান্ডার্ড, মাসে ৳ ১,০০০ অথবা বছরে ৳ ১০,০০০; এবং কাস্টম, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা দামে বার্ষিক চুক্তি। সব মূল্য বাংলাদেশি টাকায়।

  2. ৫.২

    পেইড সেবার টাকা নেওয়া হয় বিলের মাধ্যমে। প্রতিটি বিলের আলাদা নম্বর থাকে, আর বিল পরিশোধ হলে একটি মানি রসিদ দেওয়া হয়। বিলে অন্য কিছু লেখা না থাকলে, বিল পরিশোধের দিন থেকেই পেইড মেয়াদ শুরু হয়।

  3. ৫.৩

    অনলাইনে পেমেন্ট করতে পারবেন আমাদের পেমেন্ট গেটওয়ে পার্টনারদের মাধ্যমে, যেখানে বিকাশ, নগদ, কার্ড এবং তাদের সমর্থিত অন্যান্য মাধ্যম আছে। অথবা আমাদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যাংক ট্রান্সফার, বিকাশ বা নগদে টাকা পাঠাতে পারবেন। অনলাইন চেকআউটের বাইরে করা পেমেন্ট গণ্য হবে, আমরা টাকা পেয়েছি বলে নিশ্চিত হওয়ার পর।

  4. ৫.৪

    আমরা স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নিই না। আমরা কার্ডের তথ্য রাখি না, এবং কখনো নিজে থেকে কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেট থেকে টাকা নিই না। কার্ড ও ওয়ালেটের তথ্য দেওয়া হয় শুধু পেমেন্ট গেটওয়ের নিজস্ব পেজে।

  5. ৫.৫

    পেইড সাবস্ক্রিপশন এক মেয়াদ থেকে পরের মেয়াদে চলতে থাকে। মেয়াদ শেষ হওয়ার আগে আমরা রিনিউয়ের বিল পাঠাই, যার শেষ তারিখ হলো মেয়াদের শেষ দিন, এবং সেটি মনে করিয়ে দিই। একই প্ল্যানে থাকতে চাইলে বিলটি পরিশোধ করুন। আপনি ফ্রি প্ল্যানে যাওয়া বেছে নিয়ে থাকলে রিনিউয়ের কোনো বিল পাঠানো হবে না।

  6. ৫.৬

    শেষ তারিখের মধ্যে রিনিউয়ের বিল পরিশোধ না হলে আপনার প্রতিষ্ঠান আরও ১৪ দিন একই প্ল্যানে থাকবে। এরপর অ্যাকাউন্টটি ফ্রি প্ল্যানে চলে যাবে: ফ্রি প্ল্যানে নেই এমন সুবিধাগুলো শুধু দেখা যাবে, অথবা নতুন কাজে আর ব্যবহার করা যাবে না। কোনো তথ্য মুছে ফেলা হবে না। বাকি থাকা বিলটি পরিশোধ করলেই আগের প্ল্যান ফিরে আসবে।

  7. ৫.৭

    আপগ্রেড, যেমন ফ্রি থেকে স্ট্যান্ডার্ডে যাওয়া, সঙ্গে সঙ্গে চালু হয়। পেইড মেয়াদের মাঝখানে আপগ্রেড করলে বিলে শুধু সেই মেয়াদের বাকি দিনগুলোর টাকা ধরা হয়, এবং অঙ্কটি ৳ ১০ এর পরের গুণিতকে বাড়িয়ে নেওয়া হয়।

  8. ৫.৮

    ছোট প্ল্যানে যাওয়া এবং সাবস্ক্রিপশন বাতিল, দুটোই কার্যকর হয় যে মেয়াদের টাকা আগেই দেওয়া হয়েছে তার শেষে, যেভাবে রিফান্ড ও বাতিলের নীতি পেজে বলা আছে।

  9. ৫.৯

    কোনো অফার, যেমন ফ্রি মেয়াদ বা ছাড়, শুধু অফার দেওয়ার সময় দেখানো শর্তেই প্রযোজ্য। আমরা না বললে একাধিক অফার একসঙ্গে নেওয়া যাবে না। নতুন সাইন আপের জন্য আমরা যেকোনো সময় কোনো অফার বন্ধ করতে পারি। তবে যেসব প্রতিষ্ঠান আগেই অফারটি পেয়েছে, তারা অফারের নিজস্ব শর্তে সেটি পেতে থাকবে।

  10. ৫.১০

    আমরা মূল্য এবং কোন প্ল্যানে কী থাকবে, তা বদলাতে পারি। আপনার পেইড প্ল্যানের নতুন মূল্য প্রযোজ্য হবে শুধু এমন রিনিউ থেকে, যা আপনাকে জানানোর অন্তত ৩০ দিন পরে শুরু হয়। নতুন মূল্যে রাজি না থাকলে সেই রিনিউয়ের আগেই ফ্রি প্ল্যানে চলে যেতে পারবেন। এসএমএস ও ইমেইলের মেসেজ রেট এর আগেও বদলাতে পারে, যেভাবে রিফান্ড ও বাতিলের নীতি পেজে বলা আছে।

  11. ৫.১১

    যেখানে ভ্যাট প্রযোজ্য, সেখানে মূল্যের মধ্যেই ভ্যাট ধরা থাকে, এবং বিলে তা দেখানো হয়। পেমেন্ট পাঠাতে আপনার নিজের ব্যাংক বা মোবাইল ওয়ালেট কোনো চার্জ কাটলে, সেটি আপনাকেই বহন করতে হবে।

৬.ফ্রি প্ল্যান

  1. ৬.১

    ফ্রি প্ল্যানের কোনো সময়সীমা নেই, আর এর জন্য কোনো কার্ডও লাগে না। এটি পুরোপুরি কাজ করে এমন একটি সেবা। আপনার প্রতিষ্ঠান যত দিন চায় তত দিন এটি ব্যবহার করতে পারবে, এবং টাকা দেওয়ার আগে EduSine চালিয়ে দেখার উপায়ও এটিই।

  2. ৬.২

    ফ্রি প্ল্যানে কিছু সীমা আছে, যেমন সহকর্মীদের সাইন ইনের সংখ্যা কম, স্টোরেজ কম, ইমেইলের মাসিক কোটা, একটি কারিকুলাম, প্রতি ক্লাসে একটি শাখা, হিসাবে মাসে কত টাকা লেখা যাবে তার সীমা, ওয়েবসাইট ভিজিটের মাসিক সীমা, এবং কিছু সুবিধা এতে নেই। বর্তমান সীমাগুলো মূল্য পেজে দেখানো আছে।

  3. ৬.৩

    কোনো সীমায় পৌঁছে গেলে পরের মাস না আসা পর্যন্ত, অথবা আপগ্রেড না করা পর্যন্ত, সেই সীমার বেশি কিছু যোগ করা যাবে না। সীমায় পৌঁছালে কখনো কোনো তথ্য মুছে যায় না।

  4. ৬.৪

    এসএমএস, মাসিক কোটার বাইরের ইমেইল, ফ্রি এআই ক্রেডিটের বাইরে এআই ব্যবহার, ডোমেইন এবং অ্যাড-অনের খরচ ফ্রি প্ল্যানসহ সব প্ল্যানেই দিতে হয়।

  5. ৬.৫

    ফ্রি প্ল্যানে সাপোর্ট পাওয়া যাবে আমাদের হেল্প পেজ আর ইমেইলে। কত সময়ের মধ্যে উত্তর দেওয়া হবে, তার কোনো প্রতিশ্রুতি নেই, এবং সেবা সব সময় চালু থাকবে, এমন প্রতিশ্রুতিও নেই (১৫ নম্বর অংশ দেখুন)।

  6. ৬.৬

    আমরা ফ্রি প্ল্যানের সীমা বা সুবিধা বদলাতে পারি। আপনার প্রতিষ্ঠানের সুবিধা কমে যায় এমন কোনো পরিবর্তনের আগে আমরা জানিয়ে দেব, এবং এমন পরিবর্তনের কারণে কোনো তথ্য মুছে ফেলব না।

৭.মেসেজ ব্যালেন্স, এআই ক্রেডিট ও অ্যাড-অন

  1. ৭.১

    মেসেজ ব্যালেন্স রিচার্জ করা হয় পূর্ণ টাকায় (পয়সা ছাড়া), এবং এর কোনো মেয়াদ নেই। এ থেকে এসএমএসের খরচ দেওয়া হয়, অ্যাকাউন্টে দেখানো রেটে প্রতিটি এসএমএস পার্ট (অংশ) হিসেবে। প্ল্যানের মাসিক কোটার বাইরের ইমেইলের খরচও এ থেকেই দেওয়া হয়।

  2. ৭.২

    কোনো এসএমএস প্রায় এক দিনের মধ্যে পাঠানো না গেলে, অথবা কোনো ইমেইল নিশ্চিতভাবে ব্যর্থ হলে, তার খরচ স্বয়ংক্রিয়ভাবে মেসেজ ব্যালেন্সে ফেরত যোগ হয়। এটি ব্যালেন্সে জমা, আপনাকে টাকা ফেরত দেওয়া নয়।

  3. ৭.৩

    মেসেজ ব্যালেন্স শূন্য থাকলেও কেউ যেন সাইন ইন করতে গিয়ে আটকে না যান, সে জন্য একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সাইন ইন কোড বাকিতে পাঠানো হতে পারে। এর খরচ আপনার কাছে পাওনা থাকে, এবং পরের রিচার্জ থেকে কেটে নেওয়া হয়।

  4. ৭.৪

    EduPilot ব্যবহারের খরচ দিতে হয় এআই ক্রেডিটে। প্ল্যান অনুযায়ী অ্যাকাউন্ট প্রতি মাসে কিছু ফ্রি এআই ক্রেডিট পায়, যা পরের মাসে যোগ হয় না। এর সঙ্গে একবারের জন্য কিছু শুরুর ক্রেডিটও পায়। প্যাক হিসেবে কেনা ক্রেডিটের কোনো মেয়াদ নেই। প্রতিটি অনুরোধে এআইয়ের খরচ অনুযায়ী ক্রেডিট কাটা হয়।

  5. ৭.৫

    অ্যাড-অন, যেমন বাড়তি স্টোরেজ, নিজস্ব এসএমএস সেন্ডার নেম বা আপনার প্রতিষ্ঠানের নিজস্ব প্লে স্টোর অ্যাপের মূল্য ও বিল অ্যাকাউন্টে যেভাবে দেখানো থাকে, সেভাবেই হয়।

  6. ৭.৬

    মেসেজ ব্যালেন্স ও এআই ক্রেডিটের কোনো নগদ মূল্য নেই। এগুলো অন্য প্রতিষ্ঠানে সরানো যায় না, এবং ফেরতযোগ্যও নয়।

৮.গ্রহণযোগ্য ব্যবহার

  1. ৮.১

    আপনি নিজে নিচের কোনো কাজে সেবা ব্যবহার করবেন না, এবং অন্য কাউকেও করতে দেবেন না:

    1. (ক)কোনো আইন ভঙ্গ করা, যেমন গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্য, শিশু, টেলিযোগাযোগ, কপিরাইট, মানহানি ও সাইবার নিরাপত্তা বিষয়ক আইন;
    2. (খ)মিথ্যা বা বিভ্রান্তিকর, অশ্লীল, ঘৃণা ছড়ায়, হয়রানি বা হুমকি দেয়, অথবা সহিংসতায় উসকানি দেয়, এমন কন্টেন্ট প্রকাশ করা বা পাঠানো;
    3. (গ)কারও কপিরাইট, ট্রেডমার্ক, গোপনীয়তা বা অন্য কোনো অধিকার লঙ্ঘন করা;
    4. (ঘ)স্প্যাম, অথবা ১৪ নম্বর অংশের নিয়ম ভাঙে এমন কোনো মেসেজ পাঠানো;
    5. (ঙ)অন্য কোনো প্রতিষ্ঠানের তথ্যে ঢোকা বা ঢোকার চেষ্টা করা, অথবা সাইন ইন, অনুমতি বা নিরাপত্তার কোনো ব্যবস্থা এড়িয়ে যাওয়া;
    6. (চ)আমাদের লিখিত অনুমতি ছাড়া দুর্বলতা খুঁজতে সেবাটি স্ক্যান, প্রোব বা পরীক্ষা করা;
    7. (ছ)ভাইরাস বা অন্য কোনো ক্ষতিকর কোড আপলোড করা;
    8. (জ)সেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি করা বা সেবায় বিঘ্ন ঘটানো, অথবা আমাদের দেওয়া সুবিধার বাইরে অন্য কোনো স্বয়ংক্রিয় উপায়ে সেবা থেকে তথ্য সংগ্রহ করা;
    9. (ঝ)সেবাটি আবার বিক্রি করা, ভাড়া দেওয়া বা সাব-লাইসেন্স দেওয়া, অথবা আপনার প্রতিষ্ঠান ও এর ব্যবহারকারীদের বাইরে অন্য কাউকে সেবাটি দেওয়া;
    10. (ঞ)সেবাটি কপি, ডিকম্পাইল বা রিভার্স ইঞ্জিনিয়ার করা; তবে এই নিষেধ থাকা সত্ত্বেও আইন যতটুকু অনুমতি দেয়, ততটুকু ছাড়া;
    11. (ট)অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেজে পরিচয় দেওয়া, অথবা যে প্রতিষ্ঠানের প্রতিনিধি আপনি নন, তার জন্য অ্যাকাউন্ট খোলা;
    12. (ঠ)কাস্টম কোড বা ইন্টিগ্রেশন দিয়ে ভিজিটরদের ক্ষতি করা, গোপনে তাঁদের তথ্য সংগ্রহ করা, অথবা তাঁরা আশা করেন না এমন কন্টেন্ট দেখানো; অথবা
    13. (ড)সেবাটি থেকে কোনো প্রতিযোগী পণ্য তৈরি করা।
  2. ৮.২

    নিরাপত্তার কোনো দুর্বলতা খুঁজে পেলে hello@edusine.com এ আমাদের জানান। সেটি নিজে ব্যবহার করবেন না, কারও সঙ্গে শেয়ারও করবেন না।

  3. ৮.৩

    এই অংশের নিয়ম ভাঙে এমন কন্টেন্ট আমরা সরিয়ে দিতে বা বন্ধ করে দিতে পারি, অথবা কোনো সুবিধা সীমিত করতে পারি। যুক্তিসংগত হলে কারণটিও আপনাকে জানাব।

৯.আপনার কন্টেন্ট ও তথ্য

  1. ৯.১

    প্রতিষ্ঠানের তথ্যের মালিক আপনার প্রতিষ্ঠান। আমরা এর মালিকানা দাবি করি না।

  2. ৯.২

    প্রতিষ্ঠানের তথ্য হোস্ট, সংরক্ষণ, কপি, ব্যাকআপ, প্রক্রিয়াকরণ, পাঠানো, অনুবাদ, ফরম্যাট ও প্রদর্শন করার জন্য আপনি আমাদের একটি নন-এক্সক্লুসিভ (একচেটিয়া নয়), বিশ্বব্যাপী ও রয়্যালটিমুক্ত লাইসেন্স দিচ্ছেন। এই লাইসেন্স শুধু ততটুকু, যতটুকু দরকার সেবা দেওয়া, সুরক্ষিত রাখা ও সাপোর্ট দেওয়ার জন্য, আপনার নির্দেশ মানার জন্য (যেমন আপনার ওয়েবসাইটে পেজ প্রকাশ করা), এবং আইন মেনে চলার জন্য। তথ্য মুছে ফেলা হলে লাইসেন্সটি শেষ হয়ে যায়, তবে ব্যাকআপে থাকা কপি এবং যেসব রেকর্ড আমাদের রাখতেই হয় (১৮ নম্বর অংশ), সেগুলোর ক্ষেত্রে নয়।

  3. ৯.৩

    আপনার পাবলিক ওয়েবসাইটে যা প্রকাশ করবেন, তা যে কেউ দেখতে পারবেন। কী প্রকাশ করবেন, তা আপনিই ঠিক করেন।

  4. ৯.৪

    প্রতিষ্ঠানের তথ্য সঠিক ও আইনসম্মত রাখার দায়িত্ব আপনার। আপলোড করা প্রতিটি ছবি, লেখা, লোগো ও ফাইল ব্যবহারের অধিকার আপনার আছে কি না, তা নিশ্চিত করার দায়িত্বও আপনার।

  5. ৯.৫

    আমরা প্রতিষ্ঠানের তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনের কাজে ব্যবহার করি না, এবং শুধু এই শর্তাবলি ও গোপনীয়তা নীতিতে যেভাবে বলা আছে, সেভাবেই ব্যবহার করি।

  6. ৯.৬

    সেবা কীভাবে ব্যবহার হচ্ছে, সে বিষয়ে নামহীন ও সমষ্টিগত তথ্য আমরা সেবা চালানো ও উন্নত করার কাজে ব্যবহার করতে পারি। এমন তথ্য থেকে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে চেনা যায় না।

  7. ৯.৭

    আপনার কাছে গুরুত্বপূর্ণ রেকর্ডগুলোর কপি নিজের কাছেও রাখুন। অ্যাডমিন অনুরোধ করলে আমরা অ্যাকাউন্টের রেকর্ড ও ফাইলের একটি এক্সপোর্ট দেব। নিরাপত্তার কারণে এক্সপোর্টে পাসওয়ার্ড ও গোপন কী থাকে না।

১০.শিক্ষার্থীর তথ্য ও প্রতিষ্ঠানের দায়িত্ব

  1. ১০.১

    শিক্ষার্থীর তথ্য এবং আপনার ব্যবহারকারীদের অন্যান্য ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে কী তথ্য সংগ্রহ করা হবে এবং কেন, তা ঠিক করে আপনার প্রতিষ্ঠান। আমরা সেই তথ্য আপনার পক্ষে এবং আপনার নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণ করি, যেভাবে গোপনীয়তা নীতিতে বলা আছে।

  2. ১০.২

    আপনার প্রতিষ্ঠানকে অবশ্যই নিচের কাজগুলো করতে হবে:

    1. (ক)সেবায় রাখা ব্যক্তিগত তথ্যের জন্য বৈধ ভিত্তি থাকা নিশ্চিত করা, এবং শিক্ষার্থী, মা-বাবা বা অভিভাবক ও সহকর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সম্মতি নেওয়া;
    2. (খ)শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের জানানো যে তাঁদের তথ্য কীভাবে ব্যবহার হয়, যার মধ্যে এটিও আছে যে EduSine তথ্যগুলো হোস্ট করে এবং মেসেজ পাঠানো ও এআই সেবাদাতারা তা প্রক্রিয়াকরণ করতে পারে;
    3. (গ)শুধু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, এবং তা সঠিক ও আপডেট রাখা;
    4. (ঘ)শিশুদের তথ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকা, এবং শিক্ষার্থীর নাম, ছবি, ফলাফল বা যোগাযোগের তথ্য কেবল তখনই প্রকাশ করা, যখন তা আইনসম্মত, এবং প্রয়োজন হলে অভিভাবকের অনুমতি নিয়ে;
    5. (ঙ)সহকর্মীদের শুধু তাঁদের কাজের জন্য প্রয়োজনীয় তথ্যে অ্যাক্সেস দেওয়া;
    6. (চ)শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীরা নিজেদের তথ্য নিয়ে কোনো অনুরোধ করলে তার উত্তর দেওয়া; এবং
    7. (ছ)ব্যক্তিগত তথ্য শুধু যত দিন প্রয়োজন, অথবা আইন যত দিন রাখতে বলে, তত দিনই রাখা।
  3. ১০.৩

    সেবার সুবিধাগুলো দিয়ে যতটুকু সম্ভব, এসব অনুরোধের উত্তর দিতে আমরা আপনাকে সাহায্য করব।

  4. ১০.৪

    সেবা যে নম্বর, গ্রেড, জিপিএ, ফলাফল, ফি, বেতন, রিপোর্ট ও ডকুমেন্ট তৈরি করে, তা নির্ভর করে আপনার দেওয়া সেটিংস ও তথ্যের ওপর। প্রকাশ বা প্রিন্ট করার আগে, অথবা সেগুলোর ওপর নির্ভর করার আগে, যাচাই করে নিন।

  5. ১০.৫

    আপনার প্রতিষ্ঠানের তথ্যে প্রভাব ফেলে এমন কোনো নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার কথা জানতে পারলে আমরা অযথা দেরি না করে আপনার অ্যাডমিনদের জানাব, এবং যুক্তিসংগতভাবে যতটা তথ্য দেওয়া সম্ভব, দেব। আপনিও এমন কিছু জানতে পারলে সঙ্গে সঙ্গে আমাদের জানান।

১১.আপনার ওয়েবসাইট, ডোমেইন ও eds.bd এড্রেস

  1. ১১.১

    সব প্ল্যানেই প্রতিটি অ্যাকাউন্ট yourname.eds.bd ধরনের একটি ফ্রি ওয়েব এড্রেস পায়। eds.bd এড্রেসটি সেবার অংশ, এটি আপনার নামে হস্তান্তর করা হয় না। কোনো এড্রেস বিভ্রান্তিকর, আপত্তিকর বা সংরক্ষিত হলে, অথবা অন্য প্রতিষ্ঠানের অনুকরণ করলে, আমরা তা দিতে অস্বীকার করতে বা বদলাতে পারি। ব্যবহারে আছে এমন এড্রেস বদলানোর আগে আমরা আপনাকে জানাব, যদি না বিষয়টি জরুরি হয়।

  2. ১১.২

    আপনার প্ল্যানে এই সুবিধা থাকলে নিজের মালিকানার কোনো ডোমেইন যুক্ত করতে পারবেন। সেই ডোমেইনের রেজিস্ট্রেশন চালু রাখা এবং এর DNS রেকর্ড ঠিক রাখার দায়িত্ব আপনার।

  3. ১১.৩

    EduSine এর মাধ্যমে কেনা ডোমেইন একটি ডোমেইন রেজিস্ট্রারের কাছে আপনার প্রতিষ্ঠানের নামে রেজিস্টার করা হয়, এবং সেই ডোমেইনে রেজিস্ট্রারের শর্তাবলিও প্রযোজ্য। যত দিনের টাকা দিয়েছেন, তত দিনের জন্য ডোমেইনটি রেজিস্টার করা থাকে। রিনিউ স্বয়ংক্রিয়ভাবে হয় না: মেয়াদ শেষ হওয়ার আগে ডোমেইন পেজ থেকে রিনিউ করে নিন। রিনিউ না করলে ডোমেইনটি হাতছাড়া হয়ে যেতে পারে, এবং সেই ক্ষতির দায় আমাদের নয়।

  4. ১১.৪

    .com.bd ও .edu.bd ডোমেইন বিক্রি করে বিটিসিএল (BTCL), আমরা নই। বিটিসিএল থেকে কেনা এমন ডোমেইন আপনি যুক্ত করতে পারবেন।

  5. ১১.৫

    আপনার প্ল্যানে নিজস্ব ডোমেইনের সুবিধা আর না থাকলে ওয়েবসাইটটি এর eds.bd এড্রেসে চলবে। ডোমেইনটি তখনও আপনারই থাকবে।

  6. ১১.৬

    আপনার প্ল্যানে এটি বাদ দেওয়ার সুবিধা না থাকলে, ওয়েবসাইটে ও প্রিন্ট করা ডকুমেন্টে ছোট করে “Powered by EduSine” বা “Prepared by EduSine” লেখা থাকে।

  7. ১১.৭

    ওয়েবসাইটের থিম, ডিজাইন ও টেমপ্লেট আপনাকে বিক্রি করা হয় না। অ্যাকাউন্ট থাকা পর্যন্ত সেবার সঙ্গে ব্যবহারের জন্য এগুলোর লাইসেন্স দেওয়া হয়।

১২.অন্য কোম্পানির সেবা ও ইন্টিগ্রেশন

  1. ১২.১

    হোস্টিং, নেটওয়ার্ক সুরক্ষা, এসএমএস, ইমেইল, অনলাইন পেমেন্ট, ডোমেইন রেজিস্ট্রেশন ও এআইয়ের জন্য সেবাটি অন্য কিছু কোম্পানির ওপর নির্ভর করে। প্রধান কোম্পানিগুলোর তালিকা গোপনীয়তা নীতিতে দেওয়া আছে।

  2. ১২.২

    আপনার প্রতিষ্ঠান চাইলে অন্য সেবাও যুক্ত করতে পারে, যেমন ওয়েবসাইটে Google Analytics, Google Tag Manager, Meta Pixel, Microsoft Clarity, Tawk.to বা Crisp, নিজস্ব পেমেন্ট গেটওয়ে, নিজস্ব WhatsApp নম্বর, নিজস্ব ইমেইল সার্ভার, অথবা কাস্টম কোড। এগুলো আপনি নিজের ইচ্ছায় চালু করেন। আপনার ও তাদের মধ্যে তাদের নিজস্ব শর্তাবলি ও গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে। এসব সেবার কথা আপনার ভিজিটর ও ব্যবহারকারীদের জানানো, এবং প্রয়োজনীয় সম্মতি নেওয়ার দায়িত্ব আপনার। এসব সেবার দায় আমাদের নয়।

  3. ১২.৩

    আমরা যেসব কোম্পানির সঙ্গে কাজ করি, সেগুলো বদলাতে পারি। বদলালে সেবা যেন আগের মতোই চলে, সে চেষ্টা করব।

  4. ১২.৪

    আমাদের যুক্তিসংগত নিয়ন্ত্রণের বাইরে অন্য কোম্পানির কারণে কোনো ব্যর্থতা বা দেরি হলে, যেমন মোবাইল অপারেটর এসএমএস পৌঁছাতে দেরি করলে বা পেমেন্ট গেটওয়ে বন্ধ থাকলে, তার দায় আমাদের নয়।

১৩.EduPilot ও অন্যান্য এআই সুবিধা

  1. ১৩.১

    প্রতিটি প্রতিষ্ঠানের জন্য EduPilot শুরু থেকেই চালু থাকে, তবে প্রতিষ্ঠানের প্ল্যান, ব্যবহারকারীদের অনুমতি এবং এআই ক্রেডিটের সীমার মধ্যে। সেটিংস পরিচালনার অনুমতি আছে এমন অ্যাডমিন সেটিংস → এআই সহকারী থেকে এটি বন্ধ করতে পারবেন। বন্ধ করলে নতুন অনুরোধ যাওয়া বন্ধ হবে, তবে আগে প্রক্রিয়াকরণ হওয়া তথ্য মুছে যাবে না।

  2. ১৩.২

    কোনো ব্যবহারকারী EduPilot ব্যবহার করলে উত্তর তৈরির জন্য এগুলো আমাদের এআই সেবাদাতার কাছে পাঠানো হয়: তাঁর অনুরোধ, তিনি যে পেজে আছেন তার প্রাসঙ্গিক তথ্য, তাঁর সংযুক্ত করা ফাইল, এবং ওই ব্যবহারকারীর নিজের অনুমতির মধ্যে EduPilot যেসব রেকর্ড খুঁজে দেখে। গোপনীয়তা নীতিতে এর বিস্তারিত দেওয়া আছে।

  3. ১৩.৩

    এআই ভুল করতে পারে। EduPilot এর উত্তর, খসড়া, অনুবাদ, সারাংশ, ইমপোর্ট এবং প্রস্তাবিত পরিবর্তন ভুল, অসম্পূর্ণ বা পুরোনো হতে পারে, এমনকি নাম, সংখ্যা, নম্বর ও টাকার অঙ্কও। এআইয়ের আউটপুট সঠিক হবে বা কোনো নির্দিষ্ট কাজের উপযোগী হবে, এমন কোনো প্রতিশ্রুতি আমরা দিই না।

  4. ১৩.৪

    একজন মানুষকে অবশ্যই যাচাই করতে হবে। যেখানে সেবা নিশ্চিত করার ধাপ দেখায়, সেখানে EduPilot আপনার রেকর্ডে যে পরিবর্তনের প্রস্তাব দেয়, তা কার্যকর হয় শুধু একজন ব্যবহারকারী নিশ্চিত করার পর। যিনি নিশ্চিত করেন, পরিবর্তনের দায়িত্ব তাঁর। নিশ্চিত করা, প্রকাশ করা, পাঠানো বা কোনো কাজে নির্ভর করার আগে এআইয়ের আউটপুট ভালো করে দেখে নিন।

  5. ১৩.৫

    শিক্ষার্থী, অভিভাবক বা সহকর্মীর ওপর আইনি বা সমান গুরুতর প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত, যেমন ভর্তি, ফলাফল, শৃঙ্খলা বা চাকরি, একজন মানুষের পর্যালোচনা ছাড়া শুধু এআইয়ের আউটপুটের ভিত্তিতে নেবেন না।

  6. ১৩.৬

    EduPilot কে পাসওয়ার্ড, কার্ডের তথ্য বা কাজের জন্য দরকার নেই এমন কোনো তথ্য দেবেন না।

  7. ১৩.৭

    এআই ব্যবহার এআই ক্রেডিট ও ব্যবহারের সীমা দিয়ে সীমিত। অপব্যবহার বা অতিরিক্ত খরচ ঠেকাতে আমরা এআই সুবিধা সীমিত করতে বা সাময়িকভাবে বন্ধ রাখতে পারি।

  8. ১৩.৮

    আপনার ও আমাদের মধ্যে, আইন যতটুকু অনুমতি দেয়, EduPilot আপনাকে যে আউটপুট দেয় তা আপনি ব্যবহার করতে পারবেন। একই ধরনের আউটপুট অন্যরাও পেতে পারেন।

১৪.এসএমএস ও ইমেইল পাঠানোর নিয়ম

  1. ১৪.১

    শুধু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষদের মেসেজ পাঠান, যেমন শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও ভর্তির আবেদনকারী, যাঁরা প্রতিষ্ঠান থেকে মেসেজ পাওয়ার আশা করতে পারেন। আর মেসেজ পাঠান শুধু প্রতিষ্ঠান-সংক্রান্ত বিষয়ে।

  2. ১৪.২

    কেউ চায়নি এমন বিজ্ঞাপন, প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কহীন প্রচারণা, চেইন মেসেজ, অথবা বিভ্রান্তিকর বা আপত্তিকর মেসেজ পাঠাবেন না। কেনা বা ভাড়া নেওয়া নম্বর বা ইমেইল এড্রেসের তালিকাতেও মেসেজ পাঠাবেন না।

  3. ১৪.৩

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং মোবাইল অপারেটরদের নিয়ম মেনে চলুন, যার মধ্যে সেন্ডার নেম ও মেসেজ পাঠানোর সময়ের নিয়মও আছে।

  4. ১৪.৪

    কেউ অনুরোধ করলে তাঁকে জরুরি নয় এমন মেসেজ পাঠানো বন্ধ করুন।

  5. ১৪.৫

    মেসেজ পৌঁছানোর নিশ্চয়তা নেই। এটি নির্ভর করে মোবাইল অপারেটর, ইমেইল সেবাদাতা, নেটওয়ার্ক এবং আপনার দেওয়া নম্বর ও এড্রেসের ওপর। পাঠানো মেসেজ প্রাপক না পেলেও তার খরচ কাটা হয়। তবে ৭ নম্বর অংশ অনুযায়ী যেসব মেসেজের খরচ ব্যালেন্সে ফেরত যোগ হয়, সেগুলোর ক্ষেত্রে নয়।

  6. ১৪.৬

    নিজস্ব এসএমএস সেন্ডার নেম পেতে অপারেটরদের অনুমোদন লাগে, এবং আমরা কোনো অনুরোধ নাকচ করতে পারি।

  7. ১৪.৭

    অপব্যবহার বা অভিযোগ দেখলে, অথবা কোনো অপারেটর চাইলে, আমরা কোনো মেসেজ যাচাইয়ের জন্য আটকে রাখতে, মেসেজ পাঠানো থামাতে, অথবা অ্যাকাউন্টের মেসেজ পাঠানোর সুবিধা স্থগিত করতে পারি।

১৫.সেবা চালু থাকা ও সাপোর্ট

  1. ১৫.১

    সেবা যেন সব সময় চালু থাকে, সে জন্য আমরা কাজ করি। তবে সেবা কখনো বন্ধ হবে না বা এতে কোনো ত্রুটি থাকবে না, এমন প্রতিশ্রুতি আমরা দিই না। রক্ষণাবেক্ষণ, আপডেট, আমাদের সেবাদাতাদের সমস্যা এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরের ঘটনায় সেবায় বিঘ্ন ঘটতে পারে। পরিকল্পিত রক্ষণাবেক্ষণ আমরা কম ব্যস্ত সময়ে করার চেষ্টা করি।

  2. ১৫.২

    ফ্রি বা স্ট্যান্ডার্ড প্ল্যানে কোনো সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (SLA) নেই, এবং কোনো সার্ভিস ক্রেডিটও দেওয়া হয় না। কাস্টম প্ল্যানে SLA থাকবে শুধু তখনই, যদি এর লিখিত চুক্তিতে তা বলা থাকে।

  3. ১৫.৩

    সাপোর্ট নির্ভর করে প্ল্যানের ওপর। ফ্রি: আমাদের হেল্প পেজ ও ইমেইল। স্ট্যান্ডার্ড: এর সঙ্গে WhatsApp সাপোর্ট, সাধারণত পরের কর্মদিবসের মধ্যে উত্তর। কাস্টম: চুক্তিতে যেভাবে ঠিক করা হয়েছে। উত্তরের এই সময়গুলো আমাদের লক্ষ্য, নিশ্চয়তা নয়।

  4. ১৫.৪

    আমরা নতুন সুবিধা যোগ করতে, কোনো সুবিধা বদলাতে বা সরিয়ে দিতে পারি। আপনি টাকা দিয়েছেন এমন মেয়াদের মধ্যে কোনো পেইড প্ল্যানের বড় কোনো সুবিধা সরিয়ে দিলে আমরা আগে থেকেই জানাব।

১৬.সাপোর্ট দিতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ

  1. ১৬.১

    আপনি সাহায্য চাইলে আমাদের সাপোর্ট টিম অল্প সময়ের জন্য আপনার কোনো একজন ব্যবহারকারী হিসেবে অ্যাকাউন্টে সাইন ইন করতে পারে, যাতে আপনি যা দেখছেন, টিমও ঠিক তা-ই দেখতে পায়।

  2. ১৬.২

    এমন প্রতিটি সাপোর্ট সেশন সর্বোচ্চ ৬০ মিনিট চলে, এর রেকর্ড রাখা হয়, এবং এই সেশন থেকে কারও পাসওয়ার্ড বা সাইন ইনের ইমেইল বদলানো যায় না।

  3. ১৬.৩

    সেবা চালু রাখা, ত্রুটি ঠিক করা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা বা অপব্যবহারের তদন্ত, অথবা আইনি বাধ্যবাধকতা পূরণের জন্য দরকার হলে আমাদের অনুমোদিত টিমের সদস্যরা সাপোর্ট সেশন ছাড়াও প্রতিষ্ঠানের তথ্যে অ্যাক্সেস নিতে পারেন। এই অ্যাক্সেস শুধু ততটুকুতেই সীমিত থাকে, যতটুকু দরকার।

  4. ১৬.৪

    EduSine এ যাঁরা প্রতিষ্ঠানের তথ্যে অ্যাক্সেস পান, তাঁদের প্রত্যেককে সেই তথ্য গোপন রাখতে হয়।

১৭.অ্যাকাউন্ট স্থগিত ও বন্ধ করা

  1. ১৭.১

    আপনি যেকোনো সময় সেবা ব্যবহার বন্ধ করতে পারেন। রিফান্ড ও বাতিলের নীতি অনুযায়ী পেইড প্ল্যান বাতিল করতে পারবেন, আর অ্যাডমিন hello@edusine.com এ লিখে অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ করতে পারবেন।

  2. ১৭.২

    নিচের যেকোনো ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টের পুরোটা বা কিছু অংশ স্থগিত করতে পারি, প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে এবং আগাম নোটিশ ছাড়াই:

    1. (ক)আপনি এই শর্তাবলি গুরুতরভাবে ভঙ্গ করলে, বিশেষ করে ৮, ১০ বা ১৪ নম্বর অংশ;
    2. (খ)অ্যাকাউন্টটি নিরাপত্তাঝুঁকি তৈরি করলে, অথবা অন্য প্রতিষ্ঠান, ব্যবহারকারী বা জনসাধারণের ক্ষতি করলে;
    3. (গ)কোনো আইন, আদালত বা সরকারি কর্তৃপক্ষ তা করতে বললে;
    4. (ঘ)কোনো পেমেন্ট চার্জব্যাক বা রিভার্স হলে, অথবা প্রতারণামূলক মনে হলে; অথবা
    5. (ঙ)অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের অধিকার কার, তা নিয়ে বিরোধ হলে।
  3. ১৭.৩

    যুক্তিসংগত ও আইনসম্মত হলে আমরা আপনাকে কারণ জানাব, এবং আগে বিষয়টি ঠিক করার সুযোগ দেব।

  4. ১৭.৪

    শর্ত ভঙ্গের কথা জানানোর পর ১৪ দিনের মধ্যে তা ঠিক করা না হলে আমরা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। গুরুতর বা বারবার শর্ত ভঙ্গ, অথবা বেআইনি ব্যবহারের ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই বন্ধ করতে পারি।

  5. ১৭.৫

    আমরা যদি কখনো পুরো সেবাটিই বন্ধ করে দিই, তাহলে কমপক্ষে ৯০ দিন আগে জানাব, যাতে আপনি আপনার তথ্যের এক্সপোর্ট নিয়ে নিতে পারেন।

  6. ১৭.৬

    শর্ত ভঙ্গের কারণে অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ হলে রিফান্ড পাওয়ার কোনো অধিকার তৈরি হয় না, এবং আগে থেকে বাকি থাকা টাকা পরিশোধ করতেই হবে।

  7. ১৭.৭

    যেসব অংশ স্বভাবতই অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরেও চালু থাকার কথা, যেমন পেমেন্ট, মালিকানা, দায়মুক্তি, দায়ের সীমা, ক্ষতিপূরণ এবং প্রযোজ্য আইন, সেগুলো তখনও প্রযোজ্য থাকবে।

১৮.অ্যাকাউন্ট বন্ধের পর আপনার তথ্য

  1. ১৮.১

    অ্যাকাউন্ট বন্ধ করার আগে আপনার রেকর্ডের একটি এক্সপোর্ট চেয়ে নিন। চাইলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর ৩০ দিন পর্যন্তও এক্সপোর্ট চাইতে পারবেন।

  2. ১৮.২

    অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর ৯০ দিনের মধ্যে আমরা এর প্রতিষ্ঠানের তথ্য মুছে ফেলি বা নামহীন করে দিই। তবে নিচের তথ্যগুলো এর ব্যতিক্রম:

    1. (ক)আইন অনুযায়ী যেসব রেকর্ড আমাদের রাখতেই হয়, যেমন অ্যাকাউন্টের বিল, পেমেন্ট ও অন্যান্য বিলিং রেকর্ড;
    2. (খ)ব্যাকআপে থাকা কপি, যেগুলো নির্দিষ্ট সময় পরপর পালাক্রমে নতুন ব্যাকআপ দিয়ে প্রতিস্থাপিত হয়; এবং
    3. (গ)কোনো বিরোধ মেটানো, অপব্যবহারের তদন্ত বা এই শর্তাবলি কার্যকর করার জন্য যে তথ্য দরকার, যত দিন দরকার তত দিন।
  3. ১৮.৩

    ফ্রি প্ল্যানে চলে যাওয়া, অথবা পেইড প্ল্যানের মেয়াদ ফুরিয়ে যাওয়া, অ্যাকাউন্ট বন্ধ হওয়া নয়। এসব ক্ষেত্রে কোনো তথ্য মুছে ফেলা হয় না।

  4. ১৮.৪

    একবার মুছে ফেলা তথ্য আর ফিরিয়ে আনা যায় না।

  5. ১৮.৫

    অ্যাকাউন্ট বন্ধ হলে এর ওয়েবসাইট অফলাইনে চলে যায়, এবং এর eds.bd এড্রেস পরে অন্য কাউকে দেওয়া হতে পারে। আপনার নামে রেজিস্টার করা ডোমেইন রেজিস্ট্রারের কাছে আপনারই থাকবে।

১৯.মেধাস্বত্ব

  1. ১৯.১

    সেবাটির মালিক EduSine ও এর লাইসেন্সদাতারা। এর মধ্যে আছে সফটওয়্যার, থিম, ডিজাইন, টেমপ্লেট, ডকুমেন্টেশন, হেল্প পেজ এবং EduSine নাম ও লোগো। এই শর্তাবলিতে স্পষ্টভাবে যে অধিকার দেওয়া হয়েছে, তার বাইরে এগুলোর ওপর আপনি কোনো অধিকার পান না।

  2. ১৯.২

    অ্যাকাউন্ট থাকা পর্যন্ত আপনার প্রতিষ্ঠান নিজের শিক্ষা ও প্রশাসনিক কাজে সেবাটি ব্যবহারের একটি সীমিত, নন-এক্সক্লুসিভ (একচেটিয়া নয়) এবং হস্তান্তরযোগ্য নয় এমন অধিকার পায়।

  3. ১৯.৩

    আপনার ওয়েবসাইট EduSine এ চলে, এ কথা বলতে পারবেন। তবে আমাদের অনুমতি ছাড়া EduSine এর নাম বা লোগো এমনভাবে ব্যবহার করতে পারবেন না, যাতে মনে হয় আমরা আপনাকে সমর্থন বা অনুমোদন করছি।

  4. ১৯.৪

    সেবার কিছু অংশে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করা হয়, যেগুলো নিজ নিজ লাইসেন্সের আওতায় পড়ে।

২০.মতামত

  1. সেবা নিয়ে আপনি কোনো আইডিয়া, পরামর্শ বা মতামত পাঠালে আমরা তা স্বাধীনভাবে ব্যবহার করতে পারি। এর জন্য আপনাকে টাকা দেওয়া বা কৃতিত্ব দেওয়ার কোনো বাধ্যবাধকতা আমাদের থাকবে না।

২১.দায়মুক্তি

  1. ২১.১

    এই শর্তাবলিতে স্পষ্টভাবে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা ছাড়া সেবাটি “যেমন আছে” এবং “যখন যেমন পাওয়া যায়” ভিত্তিতে দেওয়া হয়। আইন যতটুকু অনুমতি দেয়, তার মধ্যে আমরা অন্য কোনো প্রতিশ্রুতি বা ওয়ারেন্টি দিই না। কোনো নির্দিষ্ট কাজের উপযোগিতা, নির্ভুলতা, অথবা সেবা কখনো বন্ধ হবে না বা ত্রুটিমুক্ত থাকবে, এসব বিষয়েও নয়।

  2. ২১.২

    সেবা যে নম্বর, গ্রেড, জিপিএ, ফলাফল, ফি ও বেতনের হিসাব, রিপোর্ট, সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্ট তৈরি করে, সেগুলো কোনো শিক্ষা বোর্ড, সরকারি সংস্থা বা আইনের শর্ত পূরণ করবে, এমন প্রতিশ্রুতি আমরা দিই না। এগুলো আপনাকেই যাচাই করতে হবে। সেবার কোনো কিছুই আইনি, কর বা হিসাববিষয়ক পরামর্শ নয়।

  3. ২১.৩

    প্রতিষ্ঠানগুলো নিজেদের ওয়েবসাইটে যে কন্টেন্ট প্রকাশ করে বা মেসেজে যা পাঠায়, তার দায় আমাদের নয়।

২২.দায়ের সীমা

  1. ২২.১

    আইন যতটুকু অনুমতি দেয়, এই শর্তাবলি বা সেবা থেকে উদ্ভূত পরোক্ষ, আনুষঙ্গিক, বিশেষ বা পরিণামগত ক্ষতির জন্য, অথবা মুনাফা, আয়, সুনাম বা তথ্য হারানোর জন্য কোনো পক্ষই অন্য পক্ষের কাছে দায়ী থাকবে না।

  2. ২২.২

    আইন যতটুকু অনুমতি দেয়, এই শর্তাবলি বা সেবা থেকে উদ্ভূত সব দাবি মিলিয়ে আমাদের মোট দায় এই অঙ্কে সীমিত থাকবে: দাবির কারণ যে ঘটনা, তার আগের ১২ মাসে সেবার জন্য আপনার প্রতিষ্ঠান আমাদের যত টাকা দিয়েছে; আর কোনো টাকা না দিয়ে থাকলে ৳ ১,০০০।

  3. ২২.৩

    আইন অনুযায়ী যে দায় সীমিত করা যায় না, যেমন প্রতারণার দায়, এই শর্তাবলি তা সীমিত করে না।

  4. ২২.৪

    কোনো পক্ষের যুক্তিসংগত নিয়ন্ত্রণের বাইরের ঘটনায় দেরি বা ব্যর্থতা হলে, তার জন্য সেই পক্ষ দায়ী থাকবে না। যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, আগুন, বিদ্যুৎ বা ইন্টারনেট বিভ্রাট, টেলিযোগাযোগ নেটওয়ার্কের ব্যর্থতা, ধর্মঘট বা হরতাল, সরকারি পদক্ষেপ, অথবা যুক্তিসংগতভাবে ঠেকানো সম্ভব ছিল না এমন সাইবার হামলা।

২৩.ক্ষতিপূরণ

  1. নিচের কোনো কারণে কোনো দাবি, ক্ষতি, জরিমানা বা যুক্তিসংগত খরচ (আইনি খরচসহ) তৈরি হলে, আপনার প্রতিষ্ঠান সেই দাবির বিরুদ্ধে EduSine এর পক্ষে আইনি লড়াই চালাবে এবং EduSine কে ক্ষতিপূরণ দেবে:

    1. (ক)প্রতিষ্ঠানের তথ্য, অথবা সেবার মাধ্যমে আপনার প্রতিষ্ঠান যে কন্টেন্ট প্রকাশ করে বা পাঠায়;
    2. (খ)আপনার প্রতিষ্ঠানের দিক থেকে এই শর্তাবলি বা আইন ভঙ্গ, যার মধ্যে শিক্ষার্থীর তথ্য ও মেসেজ পাঠানোর নিয়ম ভঙ্গও আছে; অথবা
    3. (গ)আপনার প্রতিষ্ঠান নিজের পছন্দে যেসব ইন্টিগ্রেশন, কাস্টম কোড বা অন্য কোম্পানির সেবা ব্যবহার করে।

২৪.শর্তাবলির পরিবর্তন

  1. ২৪.১

    সেবা, আইন বা আমাদের ব্যবসায় পরিবর্তন এলে আমরা এই শর্তাবলি আপডেট করতে পারি।

  2. ২৪.২

    গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হওয়ার অন্তত ৩০ দিন আগে আমরা ইমেইলে বা সেবার ভেতরে অ্যাডমিনদের জানাব, যদি না আইনি বা নিরাপত্তার কারণে পরিবর্তনটি আরও আগে করা দরকার হয়।

  3. ২৪.৩

    এই পেজের ওপরে দেওয়া কার্যকর হওয়ার তারিখ দেখে বুঝবেন, কোন ভার্সন প্রযোজ্য। পরিবর্তন কার্যকর হওয়ার পরেও সেবা ব্যবহার করতে থাকলে ধরে নেওয়া হবে যে আপনি তা মেনে নিয়েছেন। আমরা আপনাকে নতুন শর্তাবলি আবার গ্রহণ করতেও বলতে পারি।

  4. ২৪.৪

    কোনো পরিবর্তনে রাজি না থাকলে, সেটি কার্যকর হওয়ার আগেই সেবা ব্যবহার বন্ধ করুন এবং সাবস্ক্রিপশন বাতিল করুন।

২৫.নোটিশ

  1. ২৫.১

    আমরা আপনার প্রতিষ্ঠানকে নোটিশ পাঠাই অ্যাকাউন্টের যোগাযোগের ইমেইলে বা অ্যাডমিনদের ইমেইলে, সেবার ভেতরে নোটিফিকেশন হিসেবে, অথবা প্ল্যান ও বিল পেজে। ইমেইলে পাঠানো নোটিশ যে সময় পাঠানো হয়, সেই সময়েই পৌঁছেছে বলে গণ্য হবে।

  2. ২৫.২

    আমাদের নোটিশ পাঠাতে চাইলে অ্যাডমিনের ইমেইল এড্রেস থেকে hello@edusine.com এ ইমেইল করুন, এবং সঙ্গে আপনার প্রতিষ্ঠানের নাম ও ওয়েব এড্রেস লিখে দিন।

  3. ২৫.৩

    ইলেকট্রনিক উপায়ে দেওয়া নোটিশ ও করা চুক্তি “লিখিত হতে হবে” এমন যেকোনো শর্ত পূরণ করে।

২৬.প্রযোজ্য আইন ও বিরোধ নিষ্পত্তি

  1. ২৬.১

    এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।

  2. ২৬.২

    কোনো বিরোধ দেখা দিলে দয়া করে আগে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দুই পক্ষই ৩০ দিনের মধ্যে আন্তরিকভাবে তা মিটিয়ে ফেলার চেষ্টা করবে।

  3. ২৬.৩

    তাতেও না মিটলে বিষয়টির ওপর একমাত্র এখতিয়ার থাকবে বাংলাদেশের ঢাকার আদালতের।

  4. ২৬.৪

    তবে জরুরি অন্তর্বর্তীকালীন প্রতিকারের জন্য যেকোনো পক্ষ আদালতে আবেদন করতে পারবে।

২৭.সাধারণ শর্ত

  1. ২৭.১

    পূর্ণ চুক্তি। এই শর্তাবলি, নীতিমালা এবং কাস্টম প্ল্যানের লিখিত চুক্তি (যদি থাকে), সব মিলিয়ে সেবা নিয়ে আপনার প্রতিষ্ঠান ও আমাদের মধ্যে পূর্ণ চুক্তি। কাস্টম প্ল্যানের চুক্তিতে কোনো বিষয় ভিন্নভাবে বলা থাকলে, সেই বিষয়ে চুক্তিটিই প্রযোজ্য হবে।

  2. ২৭.২

    আংশিক অকার্যকারিতা। এই শর্তাবলির কোনো অংশ অবৈধ বা প্রয়োগের অযোগ্য বলে গণ্য হলেও বাকি অংশ বহাল থাকবে, এবং সেই অংশটি আইন যতটুকু অনুমতি দেয় ততটুকু প্রয়োগ করা হবে।

  3. ২৭.৩

    অধিকার ছেড়ে দেওয়া নয়। আমরা কোনো অধিকার সঙ্গে সঙ্গে প্রয়োগ না করলে, তার মানে এই নয় যে আমরা সেই অধিকার ছেড়ে দিয়েছি।

  4. ২৭.৪

    হস্তান্তর। আমাদের লিখিত সম্মতি ছাড়া আপনার প্রতিষ্ঠান অ্যাকাউন্ট বা এই শর্তাবলি অন্য কোনো সংস্থার কাছে হস্তান্তর করতে পারবে না। আমরা এগুলো এমন কোনো কোম্পানি বা সংস্থার কাছে হস্তান্তর করতে পারি, যারা সেবাটির দায়িত্ব নেয়, যেমন EduSine চালানোর জন্য গঠিত কোনো কোম্পানি। হস্তান্তর করলে আপনাকে জানাব।

  5. ২৭.৫

    সম্পর্ক। এই শর্তাবলির কোনো কিছুই কোনো পক্ষকে অন্য পক্ষের এজেন্ট, অংশীদার বা চাকরিজীবী বানায় না।

  6. ২৭.৬

    শিরোনাম। শিরোনাম ও সারাংশ শুধু পড়ার সুবিধার জন্য। এগুলো এই শর্তাবলির অর্থ বদলায় না।

২৮.যোগাযোগ

  1. EduSine, বনানী, ঢাকা, বাংলাদেশ। ইমেইল: hello@edusine.com। ফোন ও WhatsApp: ০১৭২৫-৯১৪-৯১৪। আমরা বাংলা বা ইংরেজিতে উত্তর দিই।

অন্যান্য নীতি

  • গোপনীয়তা নীতি
  • রিফান্ড ও বাতিলের নীতি

এই পেজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের লিখুন: hello@edusine.com

EduSine

EduSine এ বাংলাদেশের যেকোনো স্কুল, মাদ্রাসা ও কলেজ পাবে একটি ফ্রি ওয়েবসাইট, আর বোর্ডের নিয়মে ফলাফল প্রকাশের সুবিধা। সাথে শিক্ষার্থী, উপস্থিতি, ফি ও বেতনের হিসাবও থাকছে এক জায়গায়, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই।

যোগাযোগ করুনWhatsApp এ মেসেজ দিন

পণ্য

  • ফিচার
  • ওয়েবসাইটের ডিজাইন
  • ফলাফল
  • মূল্য
  • মোবাইলে EduSine

কোম্পানি

  • EduSine সম্পর্কে
  • ব্লগ
  • সহায়তা
  • ডেটা ও নিরাপত্তা
  • প্রশ্নোত্তর

আপনার প্রতিষ্ঠানের জন্য

  • স্কুল
  • আলিয়া মাদ্রাসা
  • কওমি মাদ্রাসা
  • হিফজ মাদ্রাসা
  • কলেজ
  • কিন্ডারগার্টেন
  • কোচিং সেন্টার
  • ইংলিশ মিডিয়াম স্কুল

ফ্রি টুলস

  • এসএসসি জিপিএ ক্যালকুলেটর
  • দাখিল জিপিএ ক্যালকুলেটর
  • এইচএসসি জিপিএ ক্যালকুলেটর
  • জিপিএ ক্যালকুলেটর
  • ক্লাস রুটিন মেকার
  • অ্যাডমিট কার্ড মেকার
  • আইডি কার্ড মেকার
  • সব ফ্রি টুলস

যোগাযোগ

  • বনানী, ঢাকা
  • hello@edusine.com
  • ০১৭২৫-৯১৪-৯১৪
  • WhatsApp: প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা
যেভাবে পেমেন্ট করতে পারবেন
  • bKash
© ২০২৬ EduSineশর্তাবলিগোপনীয়তা নীতিরিফান্ড ও বাতিলের নিয়ম